সিদ্ধিরগঞ্জে ৯,১০০ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু: ডিসি রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯,১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় একজনকে দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ সদস্যরা এ সময় সহযোগিতা করেন।

সহকারী কমিশনার রাশেদ খান জানান, অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত জ্বালানি তেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সিফাত নামে একজনকে দুই মাসের কারাদণ্ড এবং ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, যারা কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে জিম্মি করে ব্যবসা করছে, তারা প্রকৃত ব্যবসায়ী নয়—তারা অপরাধী। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

জ্বালানি সরবরাহ নিয়ে জনমনে উদ্বেগের বিষয়ে জেলা প্রশাসক বলেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। বিভিন্ন দেশ থেকে জাহাজে করে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে এবং নিয়মিতভাবে তেল খালাস করা হচ্ছে।

তিনি সাধারণ জ্বালানি ব্যবহারকারীদের উদ্দেশে বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুত করার প্রয়োজন নেই। প্রয়োজন অনুযায়ী স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করতে হবে। অতিরিক্ত মজুতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *