আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন আটজন আটক

কামরুল:

চট্টগ্রামের আনোয়ারায় চাতুরী চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য আসবাবপত্রও। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—ট্রাফিক পুলিশের কী অপরাধ, কেন তাদের দায়িত্ব পালনস্থলে আগুন দেওয়া হলো? পুলিশ সরকারি দায়িত্ব পালন করে। সরকার পরিবর্তন হলেও আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণে তাদের দায়িত্ব পালন করতে হয়। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের স্থাপনায় এ ধরনের হামলা কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

চাতুরী চৌমুহনী এলাকার ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ আশিকুল ইসলাম জানান, রাতে দায়িত্ব পালন শেষে তাঁরা ট্রাফিক বক্স থেকে চলে যান। পরে ফজরের সময় সেখানে ফিরে এসে বক্সের ভেতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।

তিনি আরও জানান, আগুন দেওয়ার ঘটনার পর থেকে তাঁরা ওই বক্সে বসে দায়িত্ব পালন করতে পারছেন না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়েছে।

ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নিরাপত্তা এবং জনসেবামূলক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *