আনোয়ারা থানাকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত করার প্রত্যয় ওসি জুনায়েদ চৌধুরীর

কামরুল ইসলাম:

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা মডেল থানাকে সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধমুক্ত করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মদক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন এবং পুলিশের সেবার মান আরও বাড়াতে কাজ করছেন বলে দাবি করেছেন তিনি। ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, আনোয়ারা মডেল থানাকে একটি আদর্শ ও জনবান্ধব থানায় রূপান্তর করার প্রত্যয় নিয়ে তিনি দায়িত্ব পালন করছেন। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বিপদে পড়ে মানুষ থানায় সেবা নিতে আসেন। সেই মানুষটি যেন থানায় এসে নতুন করে হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক তৈরি এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ানো তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। ওসি জুনায়েদ চৌধুরীর দাবি, আনোয়ারা মডেল থানায় ঘুষ ও দালালদের দৌরাত্ম্য বন্ধ করে সেবা প্রত্যাশীদের জন্য স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, সেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। কোনো সেবাপ্রার্থী যেন অনৈতিক সুবিধা দেওয়ার জন্য চাপের মুখে না পড়েন, সে বিষয়েও সতর্ক রয়েছে থানা পুলিশ।

তিনি বলেন, থানায় কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ রাখা হবে না। সাধারণ মানুষ সরাসরি পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাবেন। পুলিশের দায়িত্ব হলো মানুষের পাশে দাঁড়ানো এবং আইন অনুযায়ী সেবা নিশ্চিত করা। আনোয়ারা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয়ভাবে কাজ করার কথাও জানান ওসি। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান কামরুল ইসলামের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওসি মো. জুনায়েদ চৌধুরী। এদিকে, স্থানীয় পর্যায়ে পুলিশের সেবা আরও সহজলভ্য ও জনবান্ধব করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে—এমন প্রত্যাশাও রয়েছে। আনোয়ারা মডেল থানাকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত একটি মডেল থানায় রূপান্তরের লক্ষ্যে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ওসি মো. জুনায়েদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *