মোঃ মামুন অর রশিদ:
ফরিদপুরের আলফাডাঙ্গায় পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া ৯০ শতাংশ জমির মধ্যে ৪৮ দশমিক ৭৯ শতাংশ অন্যের নামে রেকর্ডভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূমি জরিপ কর্মকর্তা মো. আলী আকরামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নাসরিন আরা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন আরা বেগম জানান, আলফাডাঙ্গা উপজেলার ২৮ নম্বর গোপালপুর মৌজায় তাঁর ও পূর্বপুরুষদের প্রায় ১৫০ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত মোট ৯০ শতাংশ জমি রয়েছে। এসব জমির মালিকানা প্রমাণে প্রয়োজনীয় দলিল, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলাসহ বিভিন্ন কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত রয়েছে।
তিনি জানান, ৯০ শতাংশ জমির মধ্যে ৪৫ শতাংশ বসতবাড়ি শ্রেণির এবং বাকি ৪৫ শতাংশ পালান শ্রেণির। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট ভূমি জরিপ কর্মকর্তা মো. আলী আকরাম বসতবাড়ি শ্রেণির ৪৫ শতাংশ জমির মধ্যে মাত্র ২৮ শতাংশ এবং পালান শ্রেণির ৪৫ শতাংশ জমির মধ্যে ১৩ দশমিক ২১ শতাংশ তাঁর নামে রেকর্ড করেছেন। বাকি ৪৮ দশমিক ৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ডভুক্ত করা হয়েছে।
নাসরিন আরা বেগমের দাবি, জমির মালিকানা নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। একই সঙ্গে ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তা সত্ত্বেও আদালতের আদেশ উপেক্ষা করে এবং ঘুষের বিনিময়ে জমির রেকর্ডে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি নিয়ে এমন পরিস্থিতিতে তাঁর পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। নিজেদের বৈধ মালিকানাধীন জমির একটি বড় অংশ হারানোর আশঙ্কা করছেন তাঁরা।
সংবাদ সম্মেলন থেকে নাসরিন আরা বেগম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আদালতের আদেশ ও জমির বৈধ কাগজপত্র যাচাই করে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি অন্যের নামে রেকর্ডভুক্ত জমির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর সম্পূর্ণ ৯০ শতাংশ জমি যথাযথভাবে নিজের নামে রেকর্ড করার আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত ভূমি জরিপ কর্মকর্তা মো. আলী আকরামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।