আলীকদম সীমান্তে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি

মোঃ রাসেল:

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার পোয়ামুহুরী সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের দিকনির্দেশনায় ক্যাম্পেইনে চিকিৎসাসেবা দেন আলীকদম ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি।

বিজিবি সূত্র জানায়, দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পেইনে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় নিজেদের দোরগোড়ায় এমন চিকিৎসাসেবা পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *