আশুলিয়ায় বিদেশি রিভলবারসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

আলমাস হোসাইন:

ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো. খোকন (২৬)। সে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার অর্জুনা এলাকার মো. মঈনউদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার চিত্রাশাইল (কাঠালতলা) এলাকায় বসবাস করতেন।

তার কাছ থেকে ১টি বিদেশি রিভলবার এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রিভলবারটির ব্যারেলে ইংরেজিতে “MADE IN PAKISTAN” লেখা রয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ। এর আগে গত সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আ. মুত্তালিবসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *