আশুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আশুলিয়া প্রতিনিধি:

“মাদকমুক্ত সমাজ চাই, চলো সবাই হাত মেলাই—পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে”—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেঙ্গুরী এলাকায় এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবার, সমাজ ও দেশকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে টেঙ্গুরী এলাকার হাকিম উদ্দিনের বাড়িসংলগ্ন স্থানে এই সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আব্দুল মালেক। টেঙ্গুরীর বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মো. মান্নান হোসেন।

সভায় মাদকদ্রব্যের কুফল, যুবসমাজকে মাদকের মরণনেশা থেকে দূরে রাখা এবং একটি সুস্থ-সবল ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও সামাজিক সচেতনতার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল (চ্যানেল এস টিভি) এবং টেঙ্গুরী কেন্দ্রীয় জামে মসজিদের সহসভাপতি জনাব মো. হাকিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি হাজী মোহাম্মদ ওসমান গনি। বিশেষ বক্তা হিসেবে যুবসমাজের দায়িত্ব ও আইনি সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও সার্ভেয়ার জনাব মোহাম্মদ হারুন অর রশিদ (এমএমএম রাষ্ট্রবিজ্ঞান, এলএলবি)।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জনাব মাহফুজুল আহমেদ রুবেল ও মডেল স্কুলের প্রধান শিক্ষক হাজী আওয়াল হোসেন।

সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকমুক্ত পরিবার, সমাজ ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে মাদকের অপব্যবহার নির্মূল করা সম্ভব হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভাটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *