মোঃ শামীম হোসেন সিকদার:
আলীকদম (বান্দরবান): আসন্ন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে আলীকদম উপজেলা বিএনপি। রবিবার (১১ অক্টোবর) আলীকদম উপজেলার একটি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জনাব মোঃ জাবেদ রেজা। বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। বিএনপি সব সময় সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে।”
তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে আলীকদম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কোনো দুষ্কৃতকারী যাতে পূজার পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের সার্বিক পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মতবিনিময় সভায় আলীকদম উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মাশুক আহমেদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানের মধ্য দিয়ে সভার গুরুত্ব তুলে ধরা হয়।