মোহাম্মদ হোসেন হ্যাপী:
ইউডিসিজিপি-এলজিইডি (UDCGP-LGED) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সরকারি ক্রয় বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলা এই প্রশিক্ষণে Public Procurement Rules 2025, ePW3D Standard (STD) এবং e-GP Guidelines বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি ছিল প্রশিক্ষণের তৃতীয় ব্যাচ।
প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সরকারি ক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক প্রযুক্তিনির্ভর করে তোলা। বিশেষ করে নতুন Public Procurement Rules 2025 এবং ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট (e-GP) ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করাই ছিল এই প্রশিক্ষণের প্রধান লক্ষ্য।
প্রশিক্ষণে সরকারি ক্রয় প্রক্রিয়ার নীতিমালা, দরপত্র আহ্বান ও মূল্যায়ন পদ্ধতি, চুক্তি ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং e-GP প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে সেশন পরিচালনা করা হয়। একই সঙ্গে ePW3D Standard (STD) অনুযায়ী কাজ বাস্তবায়নের পদ্ধতি, প্রযুক্তিগত নির্দেশনা ও ব্যবহারিক দৃষ্টান্ত উপস্থাপন করা হয়।
উক্ত প্রশিক্ষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপ-সচিব) মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হেমায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ ইউছুফ আলী, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, সহকারী প্রকৌশলী (সিভিল) খন্দকার মোহাম্মদ নাজমুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা জানান, নতুন সরকারি ক্রয় বিধিমালা এবং ই-জিপি নির্দেশিকা সম্পর্কে সম্যক ধারণা লাভের মাধ্যমে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, UDCGP-LGED এর আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। এর মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং সরকারি অর্থের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং ভবিষ্যতে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানানো হয়।