নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর ভবনের দ্বিতীয় তলার কার্নিশ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার করা মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে রিসোর্টের অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। স্বজনদের নমুনার সঙ্গে মরদেহগুলোর ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া আগের ১০টি মরদেহের কোনোটির ডিএনএর সঙ্গে তার নমুনার মিল মেলেনি।
শনাক্ত হওয়া নিহতদের মধ্যে ঢাকার শ্যামলী এলাকার একটি পরিবারের চার সদস্য রয়েছেন। তারা হলেন গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।
অন্য পরিবারের নিহত ছয়জন হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), তার কাজিন লায়লা জাহান নাবিলা (২৫) ও ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), তার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তারা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকায় বসবাস করতেন।
অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের মধ্যে স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) সন্ধান না পাওয়ায় তার পরিবারে উদ্বেগ রয়ে গেছে। তিনি ঢাকার সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলে শিক্ষকতা করতেন। দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে এসে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। তার বাবার নাম মোস্তফা কামাল।
মামলার তদন্ত কর্মকর্তা রিমন ঘোষ বলেন, আগে উদ্ধার হওয়া ১০টি মরদেহের ডিএনএ নমুনার সঙ্গে সংশ্লিষ্টদের নমুনা মিলেছে। তবে নিখোঁজ আরেকজনের পরিচয় নিশ্চিত করার মতো নমুনার মিল পাওয়া যায়নি।
মঙ্গলবার উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত হলে অগ্নিকাণ্ডে নিখোঁজদের বিষয়ে নতুন তথ্য পাওয়া যেতে পারে। তবে ডিএনএ পরীক্ষার ফল না আসা পর্যন্ত মরদেহটি নাসরিন আক্তার মুক্তার বলে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।