আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ-পূর্ব ইরানে অভিযান চালিয়ে একটি তাকফিরি গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনী। অভিযানে বেশ কয়েকটি বিস্ফোরক প্যাকেট উদ্ধার ও জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আইআরজিসি স্থলবাহিনীর কুদস ঘাঁটির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান শনাক্ত করা হয়। ওই গোষ্ঠী সেখানে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করে আইআরজিসি।
পরে কুদস ঘাঁটির সদস্যরা ওই গোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেন। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, অভিযানে প্রথমে বেশ কয়েকজন সদস্য নিহত হন। একই সঙ্গে ওই এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রাখা হয়।
পরে দেওয়া এক সম্পূরক তথ্যে কুদস ঘাঁটি জানায়, অভিযানে তাকফিরি গোষ্ঠীর মোট ছয় সদস্য নিহত হয়েছেন। তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিস্ফোরক প্যাকেট উদ্ধার ও জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।
তবে নিহত ব্যক্তিদের পরিচয়, তাদের নির্দিষ্ট সংগঠনের নাম কিংবা অভিযানের সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আইআরজিসি।