স্পোর্টস ডেস্ক:
ইসরায়েল ও আয়ারল্যান্ড নেশনস লিগের একই গ্রুপে আসার পর থেকেই ম্যাচটি বয়কটের দাবি জোরালো হতে থাকে আয়ারল্যান্ডে। গাজা যুদ্ধ নিয়ে দেশটিতে চলমান বিতর্কের প্রভাব পড়ে ফুটবল অঙ্গনেও। ম্যাচ দুটি না খেলার দাবিতে ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণাও শুরু হয়।
এই দাবির প্রতি সাড়া দিয়েছিল আয়ারল্যান্ড ফুটবল দল। শনিবার সকালেও ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শঙ্কা ছিল। ম্যাচের আগের সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে স্থগিত করা হয়। দলের ট্রেনিং সেশনেও বিলম্ব হয়।
পরে খেলোয়াড়রা হোটেলে গিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন। মাঠে নামা নিয়ে অনেকের উদ্বেগের মধ্যে গোলকিপার গাভিন বাজুনু নিজেকে সরিয়ে নেন। এরপর খেলোয়াড়দের ভোটাভুটির মাধ্যমে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
তবে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ খেলোয়াড়রা। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ডেভিড কোরেল বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দেরিতে শুরু হওয়া সংবাদ সম্মেলনে ডেভিড কোরেল বলেন, খেলোয়াড়দের অন্যতম অনুরোধ ছিল, এই উইন্ডোতে বাকি সময়ে গণমাধ্যমের দায়বদ্ধতা তারা পালন করবেন না। পাশাপাশি গাজায় সংঘাতে নিহতদের স্মরণে তারা কালো আর্মব্যান্ড পরবেন।
এ ছাড়া ম্যাচের আগে কিছু আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। ডেভিড কোরেল জানান, ম্যাচ-পূর্ববর্তী অনুষ্ঠানের কিছু অংশে রিপাবলিক অব আয়ারল্যান্ড অংশগ্রহণ করবে না।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের ইচ্ছা রয়েছে ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচের ম্যাচ ফি এবং বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অর্থের একটি উল্লেখযোগ্য অংশ দাতব্য কাজে অনুদান হিসেবে দেওয়ার।