মনজুর আলম:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে বুধবার (১ জুলাই) ভোররাত ৪টায় অভিযান চালিয়ে মদ-জুয়ার আসর থেকে সদ্য ঘোষিত ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ ৬ জনকে মাদকসহ গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ সিফাতুল মাসদারের নির্দেশে থানার নিকটবর্তী একটি সেমিপাকা ঘরে অভিযান চালানো হয়, যেখানে প্রতি রাতে মদ-জুয়ার আসর বসানোর সংবাদ ছিল। ঘরটি ঘেরাও করে ঈদগাঁও থানা পুলিশ।
স্থানীয়রা জানান, অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে পুলিশ দরজা ভাঙার ঘোষণা দিলে তারা দরজা খুলতে বাধ্য হয়। পুলিশ দেখে জুয়েল মেম্বার টয়লেটে ঢুকে পড়েন। সেখান থেকে জুয়েল মেম্বার ও তার ৬ জন সহযোগীকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করে থানায় নিয়ে যায় অভিযানে অংশ নেওয়া পুলিশ।
আটক জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার এবং সদ্য ঘোষিত ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক।
বিএনপির কিছু নেতাকর্মীর দাবি, জুবায়েদ উল্লাহ জুয়েল মেম্বার ষড়যন্ত্রের শিকার। এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর। তিনি বলেন, জুয়েল মেম্বারকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পক্ষ-বিপক্ষে মতবিরোধ সৃষ্টি হয়েছে, যা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
এদিকে, মাদকের আসর থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ মাদকসেবীদের আটক করায় সামাজিক যোগাযোগমাধ্যমে থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনতা ও নেটিজেনরা। পুলিশের এ ধরনের সাহসী ভূমিকা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।