উত্তরায় সড়ক দখল করে ভাসমান হকারদের দৌরাত্ম্য, জনভোগান্তি চরমে

রবিউল আলম রাজু:

রাজধানীর উত্তরা আজপুর, রাজলক্ষ্মী, জসিম উদ্দিন, হাউজবিল্ডিং, আব্দুল্লাহপুর এবং ১২ নম্বর সেক্টরের কবরস্থান সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে বসেছে ভাসমান হকারদের দোকানপাট। অভিযোগ রয়েছে—রাস্তার অধিকাংশ অংশ জুড়ে এসব অবৈধ দোকান বসানোয় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের হাঁটার মতো কোনো স্থান নেই।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়ক দখল করে ব্যবসা চালিয়ে আসছে হকাররা। গোপন সূত্রে জানা যায়, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের একটি অংশকে ‘ম্যানেজ’ করেই এসব দোকান নির্বিঘ্নে চলে, বলে অভিযোগ উঠেছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি কার্যত অনুপস্থিত বলে দাবি এলাকাবাসীর।

এলাকায় স্কুল-কলেজ, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু ফুটপাত ও সড়কের বড় অংশ দখল হওয়ায় নারী, শিশু ও বয়স্কদের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

এ বিষয়ে জানতে উত্তরা পশ্চিম ও তুরাগ থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এলাকাবাসী দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত মনিটরিং এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *