নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি চায়ের দোকান দখল, জোরপূর্বক অর্থ আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ শাহাদাত হোসেন নামে এক ভুক্তভোগী।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী মোঃ শাহাদাত হোসেন উত্তরা থানাধীন গরীব নেওয়াজ রোড এলাকায় দীর্ঘদিন ধরে একটি ছোট চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, একই এলাকার আলী ইফতেখার ইমাম, ফুয়াদ হোসেন, ডেইজি বেগমসহ তারা সবাই মিলে দোকানটি ভাড়া দেওয়ার কথা বলে প্রথমে বিভিন্ন সময়ে দফায় দফায় বিপুল পরিমাণ টাকা গ্রহণ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, কথিত ভাড়া ও দোকান হস্তান্তরের কথা বলে মোট কয়েক লাখ টাকা নেওয়া হলেও পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাগজপত্র বা বৈধ চুক্তি সম্পন্ন করা হয়নি। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা দোকানটি জোরপূর্বক দখলে নেন এবং দোকানের মালামাল সরিয়ে ফেলেন।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি-ধামকি ও মামলা ভয়ের পরিবেশ সৃষ্টি করেন। এমনকি দোকান সংক্রান্ত বকেয়া পাওনা টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়।
ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, তিনি এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ন্যায়বিচারের আশায় উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে জানতে ফ্ল্যাট মালিক আলী ইফতেখার ইমাম, ফুয়াদ হোসেন ও ডেইজি বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।