এস. এম. আকাশ আহমেদ:
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের আমলে টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।