মোঃ মনির হোসেন:
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণাকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ক্ষমতার আগে জনতা, ভোগের আগে ত্যাগ—এটাই আমার রাজনীতির মূলনীতি। এমপির পেছনে জনতা নয়, জনতার পেছনে এমপি—এই দর্শন নিয়েই আমি কাজ করতে চাই। মহান আল্লাহ আমাকে নির্বাচিত করলে জনস্বার্থে নিরলসভাবে কাজ করবো।
ইশতেহারের উল্লেখযোগ্য অঙ্গীকারসমূহ হলো—
নতুন প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর ও হাইমচরে ২টি ইপিজেড স্থাপন এবং রপ্তানিমুখী শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ। মসজিদ, মাদ্রাসা ও সকল ধর্মের উপাসনালয়ের মানোন্নয়ন করে ধর্মীয় সম্প্রীতি ও সমান অধিকার নিশ্চিতকরণ। চাঁদপুর–হাইমচর প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ। সকল সরকারি খাল উদ্ধার ও সংস্কারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি। নদীভাঙন রোধে বিষ্ণুপুর থেকে জালিয়ারচর পর্যন্ত স্থায়ী বাঁধ ও রিভার ড্রাইভ নির্মাণ।
তারেক রহমানের ঘোষণানুযায়ী কৃষকদের জন্য শস্য বীমা এবং সকল পেশাজীবীর জন্য সরকারি কার্ড চালু করা। বিশুদ্ধ পানির নিশ্চয়তা ও গ্রাম থেকে শহর পর্যন্ত অবকাঠামো উন্নয়ন। মেঘনার পশ্চিম পাড়, রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর ও নীলকমল ইউনিয়ন রক্ষায় বৈজ্ঞানিক নদী শাসন।
নতুন স্টেডিয়াম নির্মাণ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিস্তার।
কারিগরি ও গণমুখী শিক্ষার প্রসার। চাঁদপুর সদর ও হাইমচর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগ। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এছাড়াও তিনি বলেন, চাঁদপুর বড় স্টেশন থেকে ষাটনল পর্যন্ত একটি রিভার ভিউ নির্মাণ, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ এবং চাঁদপুর–কুমিল্লা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে সম্মিলিতভাবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর প্রশ্নের জবাবে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,
অসুস্থ সাংবাদিকদের পাশে অবশ্যই থাকবো। আপনারা ১০ টাকা দিলে আমি ১০০ টাকা দিবো।
তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নেও কাজ করার প্রতিশ্রুতি দেন।
ভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
ভোট নিয়ে কথা বলতে চাই না। আমি চাই আপনারা দোয়া করবেন—যেন মানুষ ধানের শীষে ভোট দেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান ও খলিলুর রহমানসহ নেতাকর্মীরা।
শেষে তিনি বলেন, মিলে মিশে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।