মোহাম্মদ সোহেল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মনোনয়ন পাওয়ার পর ব্যারিস্টার মীর হেলাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“হাটহাজারীর সর্বস্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ আসনটি আমার নেতা তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। হাটহাজারীবাসীর সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
বুধবার (৫ নভেম্বর) নির্বাচনী প্রচারণা শুরু করার আগে ব্যারিস্টার মীর হেলাল ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন। তিনি বাদ জোহর চট্টগ্রাম নগরের লালদীঘির পাড়ে অবস্থিত হজরত আমানত খান (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে বায়েজিদ বোস্তামী (রহ.) এর মাজারে মাগরিবের নামাজ আদায় করেন।
এরপর তিনি নিজ এলাকা মীরেরহাটে গিয়ে পারিবারিক কবরস্থানে দাদা-দাদি ও পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। এছাড়া হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.), আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.), মুফতি ফয়জুল্লাহ (রহ.), আল্লামা শেরেবাংলা (রহ.) এবং সাবেক এমপি মরহুম ওয়াহিদুল আলমের কবরেও দোয়া ও ফাতেহা পাঠ করেন।
স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে হাটহাজারীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ব্যারিস্টার মীর হেলাল এবার বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে নামছেন। তার নেতৃত্বে হাটহাজারীতে নির্বাচনী উত্তাপ বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।