চট্টগ্রামে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ — মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ সোহেল: 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “চট্টগ্রাম এমন এক নগরী যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার মাধ্যমে দীর্ঘদিন ধরে সম্প্রীতির বন্ধন বজায় রেখেছে। এই ঐতিহ্য নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। কারো উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা।”

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে চকবাজারের দেবপাহাড়ে অবস্থিত পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘কঠিন চীবর দান’ ও এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “আমি সব ধর্মের মানুষদের জন্য চট্টগ্রামকে একটি সেফ সিটি হিসেবে গড়তে চাই। আমাদের স্বপ্নের বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ। আমরা কবি নজরুলের চেতনায় বিশ্বাস করি— গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌। সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।”

তিনি আরও বলেন, “সব ধর্মেই পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করা হয়েছে। ইসলাম, বৌদ্ধ, হিন্দু ও খ্রিস্টান—সব ধর্মেই বলা হয়েছে, পরিচ্ছন্নতা ঈমান ও মানবতার অঙ্গ। তাই নগরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে।”

নাগরিক দায়িত্ববোধের প্রসঙ্গে মেয়র বলেন, “বর্জ্য যথাস্থানে ফেলতে হবে এবং নাগরিকদের সহযোগিতা ছাড়া চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রীন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তর করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জ্ঞানরঞ্জন মহাথের। আশীর্বাদ প্রদান করেন ড. ভদন্ত জ্ঞানশ্রী মহাস্থবির, এবং সংবর্ধিত অতিথি ছিলেন ড. ভান্তে ধম্মচেতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *