এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ নারীর মৃত্যু লাশ হস্তান্তর তামাবিল সীমান্তে

গোয়াইনঘাট প্রতিনিধি:

আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি দেখা দেওয়ায় ঢাকায় জরুরি অবতরণের পর অসুস্থ ভারতীয় নারী অঞ্জনা ভৌমিকের (৫৬) মৃত্যু হয়। পরে তার মরদেহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর চিকিৎসার উদ্দেশ্যে আগরতলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় যাচ্ছিলেন অঞ্জনা ভৌমিক। মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ায় সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, অঞ্জনা ভৌমিক ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রীতালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ রয়েছে।

পরবর্তী সময়ে অঞ্জনা ভৌমিকের মরদেহ ভারতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে মৃত নারী ও তার সঙ্গে থাকা নিকটাত্মীয়ের পাসপোর্ট না থাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন তাদের ট্রাভেল পারমিট দেয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অঞ্জনা ভৌমিক ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার আজেরা এলাকার বাসিন্দা। মরদেহের সঙ্গে তার বোন শান্তা ভৌমিকও ছিলেন।

মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, বাংলাদেশ ইমিগ্রেশন, বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *