কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট, অক্টোবরে আন্তর্জাতিক যাত্রা

জেলা প্রতিনিধি:

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক এই টার্মিনালে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হয়। অক্টোবরের শুরুতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন টার্মিনাল চালু হওয়ায় কক্সবাজারে আসা পর্যটকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। যাত্রীরা টার্মিনালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লাগেজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক মোহাইমিনুল ইসলাম বলেন, নতুন টার্মিনালটি আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। হয়রানিও কম। সহজেই লাগেজ পাওয়া গেছে। আকাশপথে যাত্রী পরিবহন সেবায় কক্সবাজারে এমন পরিবেশ প্রয়োজন।

দেশীয় বিমান সংস্থাগুলোর কর্মকর্তারা জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম এই টার্মিনালে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোসা আহমেদ বলেন, নতুন টার্মিনালের আগমন ও প্রস্থান এলাকা আগের তুলনায় অনেক প্রশস্ত। পাশাপাশি বোর্ডিং লাউঞ্জও বড় ও সুন্দর। সব মিলিয়ে এখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে এবং যাত্রীদের প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই রাখা হয়েছে।

এদিকে, যাত্রী হয়রানি রোধে কক্সবাজার বিমানবন্দরে জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল্লাহ বলেন, বিমানবন্দরে আনসার সদস্যদের পাশাপাশি বিমানবাহিনী, বেবিচকের নিরাপত্তা বিভাগ এবং পুলিশের এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে প্রায় ১৬টি বিভাগ বা সংস্থা একযোগে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছে।

সংশ্লিষ্টরা জানান, অক্টোবরের শুরুতে টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হওয়ার কথা রয়েছে। এর ফলে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *