অনলাইন ডেস্ক:
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মোহাম্মদ ইব্রাহিম জানান, বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে বাসটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটিকে দুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখেন। পরে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।