কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুঁশিয়ারি যুক্তরাজ্যের

পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে নিযুক্ত ইসরাইলি দূতাবাসের ২৭ জন কূটনীতিককে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স ইসরাইলি কর্তৃপক্ষের কাছে এ বার্তা পৌঁছে দিয়েছেন।

এ ঘটনায় দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে গত মাসে অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূলের অভিযোগের প্রেক্ষাপটে লন্ডন এ পদক্ষেপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় ১ হাজার ২০০টি আবাসিক ইউনিট নির্মাণের ইসরাইলি পরিকল্পনার প্রতিক্রিয়াতেও যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয় এবং এ ধরনের বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে।

যুক্তরাজ্যের এ পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ইসরাইল পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দেয়। ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা কনস্যুলেটটি বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের পক্ষ থেকে এখন কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যথায় লন্ডনে নিযুক্ত ইসরাইলি কূটনীতিকদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে ব্রিটিশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *