কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব, ট্রাম্পের শুল্ক হুমকি

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ বা ‘অ্যাসোসিয়েট মেম্বার’ করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।তবে এ প্রস্তাবের পর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ-কানাডা চুক্তিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হলে ইউরোপের ওপর আরও কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।বুধবার ফ্রান্সে দেওয়া এক ভাষণে উরসুলা ভন ডার লিয়েন বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে গণতান্ত্রিক জোটগুলোর মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করা জরুরি। এ সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁর পাশে ছিলেন।মার্ক কার্নি প্রস্তাবটিকে একটি ‘অনন্য জোট’ হিসেবে উল্লেখ করে ইউরোপের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এর আগে ট্রাম্প একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার কথা বললেও কার্নি তা প্রত্যাখ্যান করেন।ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে কানাডা ইইউর পূর্ণাঙ্গ সদস্য হতে পারবে না। তবে প্রস্তাবিত চুক্তির আওতায় দুই পক্ষের মধ্যে মুক্ত বাণিজ্য জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি অবকাঠামো, সমরাস্ত্র ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।এ ছাড়া ইউরোপের জ্বালানি ও জরুরি খনিজের চাহিদা পূরণে কানাডা গ্যাস এবং ব্যাটারি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন খনিজ সরবরাহ করতে পারে। কানাডার নাগরিকদের জন্য ইউরোপে ভিসামুক্ত বসবাসের সুযোগ নিয়েও প্রাথমিক আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এদিকে নতুন এই অর্থনৈতিক ও কৌশলগত জোটের প্রস্তাবকে ‘হাস্যকর’ ও ‘শত্রুতাপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তির উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গেলে ইউরোপীয় ইউনিয়নের ওপর আরও কঠোর শুল্ক আরোপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *