স্পোর্টস ডেস্ক :
বেন কারানের দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সামনে ২৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা ছিল একেবারেই নড়বড়ে। নতুন বলে দারুণ বোলিং করে ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর নিজের দ্বিতীয় স্পেলে ইনোসেন্ট কাইয়াকেও আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন এই পেসার। নবম ওভারে নাহিদ রানা বোল্ড করেন অধিনায়ক ক্রেগ আরভিনকে। পরে ওয়েসলি মাদেভারে মাত্র ১৫ রান করে ফিরলে ৬৬ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।
সেখান থেকে দলের হাল ধরেন বেন কারান ও সিকান্দার রাজা। দুজনের জুটিতে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। রাজা ৩৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হলেও একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়তে থাকেন কারান।
শেষদিকে ব্রাড ইভান্সকে নিয়ে দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। ১২২ বলে সেঞ্চুরি পূর্ণ করা কারান শেষ পর্যন্ত ১৩০ বলে অপরাজিত ১১১ রান করেন। অন্যদিকে মাত্র ৩৬ বলে অপরাজিত ৫৮ রান করে কার্যকর ইনিংস খেলেন ব্রাড ইভান্স।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ২ উইকেট। এছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।
আগের ম্যাচে ১৫০ রানের আগেই জিম্বাবুয়েকে অলআউট করেও রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। এবার সিরিজে সমতা ফেরাতে টাইগারদের সামনে জয়ের জন্য করতে হবে ২৪৮ রান।