কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার হেলপার গ্রেপ্তার

খসরু মৃধা:

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ নম্বরের পিকআপটি উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার রাজু শেখ (২৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা (শেখ বাড়ি) এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাঁকে জিজ্ঞাসাবাদে পিকআপটির চালক হিসেবে মো. মাজহারুল ইসলামের নাম পাওয়া গেছে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে রণপাহারা ডিউটি শেষে সন্দেহভাজন তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার জন্য পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামান। এ সময় রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের দল ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লাকে সজোরে ধাক্কা দেয়।

এতে পুলিশের নিরস্ত্র উপপরিদর্শক মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। পিকআপটি থামানোর চেষ্টা করলে পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে কালীগঞ্জ থানায় মামলা করেন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় দায়ের করা মামলাটির নম্বর ২৬(১০)২৬।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন পিকআপ উদ্ধার ও হেলপার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসআই মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা থেকে পিকআপটি উদ্ধারসহ হেলপার রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজু শেখকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *