খসরু মৃধা:
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত করে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. পনির খন্দকার। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
রাজনৈতিক জীবনে মো. পনির খন্দকার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। এ ছাড়া গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলনের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
দলীয় সূত্রে জানা যায়, পনির খন্দকার কালীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য ও কালীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। পরবর্তী সময়ে তিনি কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশায়ও সক্রিয় পনির খন্দকার। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’ পত্রিকা ও ‘রাজধানী টেলিভিশন’-এ কর্মরত রয়েছেন। তিনি পূবাইল থানা প্রেসক্লাবের নির্বাহী সদস্য। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে প্রচার-প্রচারণা পরিচালনার লক্ষ্যে জাসাসের কালীগঞ্জ উপজেলা নির্বাচনী কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে মো. পনির খন্দকার বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আমার জন্মভূমি, আমার ভালোবাসার জায়গা। মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতি ও জনসেবার মূল লক্ষ্য। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাঁদের সেবা করতেই আমি কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই।” তিনি মনে করেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত জনসেবা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব।”
জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।