কাস্টমস কর্মকর্তা এনামুল-লিপির সম্পদের পাহাড়, ২৫ লাখের দলিলে প্লটের দাম ৩ কোটি

স্টাফ রিপোর্টার:

কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির বিপুল সম্পদ অর্জন নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চাকরিতে যোগদানের পর থেকে তাঁদের নিজেদের ও স্বজনদের নামে পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় জমি, প্লট ও ফ্ল্যাট গড়ে উঠেছে। এসব সম্পদের প্রকৃত ক্রয়মূল্যের তুলনায় দলিলে অনেক কম মূল্য দেখানোর অভিযোগও রয়েছে। এমনকি প্রায় ৩ কোটি টাকা দিয়ে কেনা একটি প্লটের দলিলে মূল্য দেখানো হয়েছে মাত্র ২৫ লাখ টাকা।

২০১৫ সালের দিকে তাঁদের পারিবারিক বাসায় অর্থের বিপুল পরিমাণ নগদ মজুত থাকার একটি ঘটনা আলোচনায় আসে। অভিযোগ অনুযায়ী, এক কিশোরী গৃহকর্মী ঘর পরিষ্কারের সময় খাটের নিচে রাখা একটি কার্টন ফেলে দিলে সেখান থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে। ওই বাসায় থাকতেন কাস্টমস কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তাঁর স্বামী তৎকালীন জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম রহমান। গৃহকর্মীর বর্ণনা অনুযায়ী, বাসায় বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো।

এ ঘটনার সূত্র ধরে দুই সহোদর কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়ে। তবে অভিযোগ রয়েছে, যথাযথ তদন্ত শেষ না করেই বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।

এনামুল হক ২৯তম বিসিএসের কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১১ সালে চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তা বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত। তাঁর বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএসের কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেওয়া লিপি বর্তমানে আগারগাঁও এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১১-১২ সালের আগে তাঁদের পরিবারের কৃষিজমি ছাড়া উল্লেখযোগ্য অন্য কোনো জমি ছিল না। অথচ চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন এবং তাঁদের স্বজনদের নামে বিভিন্ন এলাকায় বিপুল সম্পদ গড়ে ওঠে।

নথি ও অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালে পূর্বাচলে লিপি ও তাঁর ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। প্লটটির প্রকৃত ক্রয়মূল্য প্রায় ৩ কোটি টাকা হলেও দলিলে মূল্য দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। বর্তমানে প্লটটির বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিলে লিপি আরেকটি প্লট কেনেন। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে মাত্র ২১ লাখ টাকা।

অন্যদিকে, বরগুনা শহরে এনামুল হকের নামে ২৬ শতাংশ জমি কেনার তথ্য পাওয়া গেছে। ওই জমির দলিলমূল্যই দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। বর্তমানে জমিটির বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একই বছর পূর্বাচলে এনামুল হক ও তাঁর স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। জমিটির প্রকৃত ক্রয়মূল্য আড়াই কোটি টাকা হলেও দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০১৪ সালে এনামুলের মা খাদিজা বেগমের নামে বরগুনায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। নথি অনুযায়ী, দলিল দুটিতে মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। তবে অভিযোগে বলা হয়েছে, ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। বর্তমানে সম্পত্তিটির বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

এদিকে সম্পদের উৎস আড়াল করতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে বিপুল আয়ের বিষয়টি সামনে আনার অভিযোগ উঠেছে। এনামুল হকের দাবি ছিল, তাঁর বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে।

এ বিষয়ে ২০২৪ সালের ৬ মে দুদক মাদারীপুর থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠায়। অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় নথিপত্রের পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান সংশ্লিষ্ট কর্মকর্তা। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করার পাশাপাশি ১৪ একর জমিতে খামার থাকার কথা বলা হয়।

তবে সরেজমিন অনুসন্ধানে ওই খামারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমিতে কিছু ফলের গাছ রয়েছে। এ বিষয়ে জানতে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

অন্যদিকে, লিপির স্বামী আসলাম রহমান নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আসলাম রহমানের দাবি, স্ত্রীর দায়ের করা মিথ্যা যৌতুক মামলায় তাঁকে সাড়ে ১৪ মাস কারাগারে থাকতে হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

আসলাম রহমানের অভিযোগ, তিনি কখনো ঘুষ গ্রহণ করেননি। তাঁর স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। বড় ভাই এনামুল হকের ইশারায় তাঁর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতার অর্থ দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন বলে জানান আসলাম। দুই সন্তানের সঙ্গেও দেখা করতে পারছেন না বলে তাঁর অভিযোগ।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুগ্ম কমিশনার এনামুল হক বলেন, তাঁর নামে থাকা সব সম্পদের তথ্য আয়কর নথিতে রয়েছে। তবে সম্পদের উৎস বৈধ দেখাতে নিজের বাবাকে ভুয়া মৎস্যচাষি সাজানোর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে, জিলাইকা তামান্না লিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *