কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের নৃশংস হামলা, ছুরিকাঘাতে রক্তাক্ত নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি

 

কুমিল্লা প্রতিনিধি:

চট্টগ্রাম থেকে কর্মস্থল শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লা সদর বিশ্বরোড এলাকায় মুখোশধারী একদল দুর্বৃত্তের হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে পরিবারের অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
নজরুল ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নের ভাওয়ারপাড় গ্রামের মৃত শাহাদাত হোসেনের বড় ছেলে এবং আমিনুল ইসলামের বড় ভাই।

যেভাবে ঘটে হামলা:
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্ট ২০২৬ নিজ কর্মস্থল চট্টগ্রাম থেকে কুমিল্লার বাড়ির উদ্দেশে রওনা দেন নজরুল ইসলাম। পরদিন ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কুমিল্লা সদর বিশ্বরোডে বাস থেকে নামার পরপরই মুখোশ পরিহিত ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁকে ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে মাথায় আঘাত করে তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা এমনটাই দাবি পরিবারের। মাথায় গুরুতর কাটা জখম হয়ে রক্তক্ষরণ শুরু হলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন নজরুল ইসলাম। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরিবারের দাবি, মাথার আঘাতের স্থানে চিকিৎসাকালে ৯টি সেলাই দিতে হয়েছে।

সিটি স্ক্যান প্রতিবেদনে যা উঠে এসেছে:

গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা.) লিমিটেড থেকে করা নজরুল ইসলামের মাল্টিস্লাইস সিটি স্ক্যান অব ব্রেইন প্রতিবেদনে তাঁর মাথার ডান পাশের ফ্রন্টাল অংশে হালকা স্থানীয় স্ক্যাল্প বা মাথার চামড়ার নিচের নরম কলায় ফোলাভাব থাকার কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মাথার খুলির হাড়ে কোনো ফ্র্যাকচার পাওয়া যায়নি। পাশাপাশি মস্তিষ্কের ভেতরে বা আশপাশে এপিডুরাল, সাবডুরাল কিংবা ইন্ট্রাসেরিব্রাল হেমাটোমা, কনটিউশন, ইনফার্কশন, বড় কোনো রক্তনালির অস্বাভাবিকতা বা কোনো মাস লিশনও শনাক্ত হয়নি। মস্তিষ্কে উল্লেখযোগ্য কোনো চাপের প্রভাব বা মিডলাইন শিফটও নেই বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

রেডিওলজিস্টের দেওয়া প্রতিবেদনের ইমপ্রেশন অংশে বলা হয়েছে মাথার ডান ফ্রন্টাল অংশে হালকা স্থানীয় স্ক্যাল্প ফোলা রয়েছে, তবে অন্য কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

পরিবারের দাবি ও প্রতিক্রিয়া
পরিবারের অভিযোগ, আকস্মিক এই হামলায় নজরুল ইসলাম শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর ছোট ভাই আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, তাঁর ভাই কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এমন নৃশংস হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কী কারণে তাঁকে হামলা করা হলো এবং তাঁর কাছ থেকে কী কী সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে তা তদন্ত করে বের করার জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান।

তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *