কেয়ার বাংলাদেশের পুরোনো কার্যক্রমের ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে কেয়ার বাংলাদেশের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা কেয়ার বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা জানান, দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ এবং এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটি কাজ করছে।

এ ছাড়া কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নেও কেয়ার বাংলাদেশ কাজ করছে বলে প্রতিনিধিদল জানায়।

প্রতিনিধিদল আরও জানায়, কেয়ার বাংলাদেশের চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে। এসব প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

রাষ্ট্রপতি কেয়ার বাংলাদেশের এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে একসময় কেয়ার বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেয়ার বাংলাদেশের কাজ করার যে পুরোনো ঐতিহ্য ছিল, তা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *