আব্দুল আজিজ আল মাক্কী:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৪টি মা ইলিশ, যার মোট ওজন ১১ কেজি, জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে কেরানীহাট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির বিষয়টি উঠে আসে।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মা ইলিশ সংরক্ষণে সরকারের এ নির্দেশনা অমান্য করে কেরানীহাট মাছবাজারে ইলিশ বিক্রি করা হচ্ছিল।
অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই বিক্রেতাকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানবীর আহসান, সাতকানিয়া থানা পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং দেশের মূল্যবান মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।