খুলনায় পিবিসিপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমুল করিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফরমাইশখানা এলাকায় তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসেছিলেন নাসিমুল করিম। এ সময় অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত নাসিমুল করিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট আটটি মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক পর্যালোচনায় তার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনেও তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *