গাজীপুর জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

লিমা ইসলাম:

স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হলো গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)-এর ড্রাইভার ও মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা। শনিবার (১৭ জানুয়ারি) টঙ্গীতে অবস্থিত গাজীপুর সিটি করপোরেশন স্কুলে সকাল ১০টায় ড্রাইভার পদে ৪০টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২৬ নভেম্বর অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে গাজীপুর সিটি করপোরেশন। এতে ড্রাইভার পদে ২০৮ জন আবেদনকারীর মধ্যে ১৫২ জন পরীক্ষায় অংশ নেন। অপরদিকে সকাল ১১টায় মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে ৩০টি শূন্য পদের বিপরীতে ৪৫২ জন আবেদনকারীর মধ্যে ৩১২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। এছাড়াও ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল কর্মী নিয়োগ কমিটির সভাপতি গাজীপুর সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ, কমিটির সদস্য স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, জিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এবং অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ এবং শৃঙ্খলা নিশ্চিত করতে তদারকি করেন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বিষয়ে সাধারণ ধারণা, পেশাদার লাইসেন্সধারী ড্রাইভিং দক্ষতা, শারীরিক যোগ্যতা ও মানসিক দৃঢ়তা যাচাই-বাছাই করে অভিজ্ঞ ও যোগ্য মাঠপর্যায়ের কর্মীদের নিয়োগ দেওয়া হবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান জানান, মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ও ড্রাইভার পদে কর্মী নিয়োগ দেবে গাজীপুর সিটি করপোরেশন।

নিয়োগ কমিটির সভাপতি সচিব আমিন আল পারভেজ জানান, আমরা নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের মাধ্যমে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *