স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৌরাশা চাম্বলতলা গ্রামে রাতের আঁধারে পাহাড়ি টিলা কেটে লাল মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তালুকদার বাড়ির পশ্চিম পাশে পুকুরসংলগ্ন একটি টিলা থেকে গত ছয়-সাত দিন ধরে একটানা মাটি কাটা হচ্ছে। রাত হলেই ভেকু (খননযন্ত্র) দিয়ে চলে মাটি কাটার কাজ।
অভিযোগ রয়েছে, পাহাড়ি টিলা থেকে কেটে নেওয়া লাল মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ি ভূমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে মাটি পরিবহনের কারণে স্থানীয় রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মাটি কাটার সঙ্গে আশরাফুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সেন্টু ভূঁইয়া, রসুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত সোহানুর রহমান জড়িত রয়েছেন। তবে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, মাটি কাটার ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে পাহাড়ি টিলা থেকে অবৈধভাবে লাল মাটি কাটা বন্ধ করতে হবে এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।