আরাফাত হোছাইন:
কক্সবাজারের চকরিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগী বাছাই কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ৩৪ জনের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৩ জন সুপারভাইজার ও ৩১ জন তথ্যসংগ্রহকারী।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের প্রশিক্ষণ চলে। ১৭ নভেম্বর দ্বিতীয় দিনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া, তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা এবং স্বচ্ছতার সঙ্গে নির্ভুল তালিকা প্রস্তুত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মাঠপর্যায়ে উপকারভোগী বাছাইয়ের কাজে নিয়োজিত হবেন।
তিনি আরও জানান, এ কর্মসূচির মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারি সহায়তার আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে।