কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের চোরাই ড্রাম ট্রাক উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। এ ঘটনায় চোরাই গাড়ি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাউজান থানার নোয়াপাড়া চৌধুরীহাট এলাকার শওকত আলী (৪২), রাঙামাটি সদর থানার তবলছড়ি এলাকার আবু তৈয়ব আলী (২৯) এবং চন্দনাইশ থানার দোহাজারী এলাকার আব্বাস উদ্দিন ওরফে আবু মিস্ত্রী (৫৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়ি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করা শওকত আলী ও আবু তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার সেনবাড়ি রোডে আবু মিস্ত্রীর গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে নম্বরবিহীন পুরোনো ‘EICHER TERRA25’ মডেলের একটি ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিন ওরফে আবু মিস্ত্রীকেও গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে সেগুলো খণ্ডবিখণ্ড করে যন্ত্রাংশ বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর শওকত আলীর প্ররোচনায় আবু তৈয়ব ঢাকা থেকে ড্রাম ট্রাকটি চুরি করেন। পরে গাড়িটি চট্টগ্রামে আনার জন্য বিশেষ পরিবহন (রোবট গাড়ি) পাঠান শওকত। চট্টগ্রামে আনার পর ট্রাকটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রির উদ্দেশ্যে আবু মিস্ত্রীর গ্যারেজে রাখা হয়েছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।