আব্দুল আজিজ আল মাক্কী:
কয়েক দিন পরেই শুরু হবে লাগামহীনভাবে মাটি কাটা, ইটভাটার কার্যক্রম এবং অতিরিক্ত ওজনবাহী যানবাহনের চলাচল। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের প্রায় ৫ কিলোমিটার এলাকা ও পাশের রেলপথ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের ধসে তিন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঝুঁকিপূর্ণ এই অংশটি সাতকানিয়ার মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত। এর দুই পাশে রয়েছে নয়াখাল ও গরলা খাল। এই অংশে মহাসড়কের ৬টি কালভার্ট রয়েছে, যা কেঁওচিয়া, ঢেমশা, কালিয়াইশ, ধর্মপুর ও নলুয়া ইউনিয়নের পানি নিষ্কাশন করে।
মহাসড়ক থেকে ৫০০ গজ পূর্বে প্রায় ৩ কিলোমিটার রেলপথ গেছে ধর্মপুর হয়ে কেঁওচিয়া ও ঢেমশা ইউনিয়নের ওপর দিয়ে। রেলপথের পানি নিষ্কাশনের জন্য সেখানে ৬টি লোহার সেতু রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ও রেলপথের পাশের ফসলি জমি মূলত ২০ ফুট নিচে। কিন্তু এক্সকাভেটর দিয়ে আরও ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কেটে নেওয়ায় সেখানে বিশাল খাদ ও লেকের সৃষ্টি হয়েছে। কেরানীহাট-সংলগ্ন রেলসেতুর ১০০ গজ উত্তরে এমন একটি খাদ রয়েছে।
অভিযোগ রয়েছে, মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় প্রায় ৩২টি ইটভাটা রয়েছে। রাতে প্রশাসনিক তদারকি না থাকায় ফসলি জমি ও খালের পাড় থেকে গভীর করে মাটি কেটে ইটভাটায় নেওয়া হয়। এতে তিন ধরনের ক্ষতি হচ্ছে—কৃষিজমি উর্বরতা হারাচ্ছে, খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং মাটিবাহী ডাম্পার ট্রাক থেকে মহাসড়কে মাটি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটছে।
এদিকে ধারণক্ষমতার বেশি ওজনের পাথর ও পণ্যবাহী ৩০-৩৫ টনের ট্রাক, ৮ থেকে ১২ চাকার লরি এবং দূরপাল্লার বাসের অবাধ চলাচল চলছে। গত জুলাইয়ে বন্যায় সাতকানিয়া এক সপ্তাহ পানির নিচে থাকায় সড়কের দুই পাশের মাটি নরম হয়ে গেছে। ফলে ধসের ঝুঁকি আরও বেড়েছে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দোহাজারী-কক্সবাজার ১০০ কিলোমিটার রেলপথও একই কারণে হুমকির মুখে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে ইটভাটায় মজুত করছে। এতে মহাসড়ক ও রেললাইন দুটিই ধসের মুখে পড়েছে।
পরিবেশবিদরা বলেন, ফসলি জমির ৩০ ফুট গভীর থেকে মাটি কাটা পরিবেশ আইন ও ইট প্রস্তুত আইন লঙ্ঘনের শামিল। এটি ভূপ্রকৃতি ও পানির স্তরের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে।
ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাটি আগে কাটলেও এখন আর কাটা হচ্ছে না। তবে মহাসড়ক ও রেলপথ আমাদের জাতীয় সম্পদ। এ সড়কের কোনো ক্ষয়ক্ষতি আমরা মেনে নেব না। ইটভাটায় মাটি লাগবে, তাই বলে মাটি কেটে সড়ক ঝুঁকিপূর্ণ হবে, সেটা মেনে নেওয়া যায় না। প্রয়োজনে মাটি কাটা বন্ধ করা হবে। যারা অবৈধভাবে মাটি কাটবে, তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, মহাসড়কের এত কাছে গভীর খাদ তৈরি এবং অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল সড়কের স্থায়িত্বের জন্য হুমকি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। এর আগেও মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।