নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম। কর্মসূচি থেকে আগামী ১৩ অক্টোবর বন্দর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দর ভবনের সামনের সড়কে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক তপন দত্ত। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।
কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। তাদের দাবি, লাভজনক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থ ঝুঁকির মুখে পড়তে পারে।
তপন দত্ত বলেন, এনসিটি থেকে পাওয়া অর্থ দিয়ে দেশের অন্যান্য বন্দর ও অবকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে। তাই লাভজনক এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রয়োজন নেই বলে তারা মনে করেন। জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলেও জানান তিনি।
ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রস্তাবের সমালোচনা করে তপন দত্ত বলেন, দেশের অর্থনীতি ও নিরাপত্তার স্বার্থে লাভজনক এনসিটি কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হবে, সেটিই তাদের মূল প্রশ্ন।
শ্রমিকনেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার অভিযোগ করেন, বর্তমান বন্দর চেয়ারম্যান ডিপি ওয়ার্ল্ডের স্বার্থে কাজ করছেন বলে তাদের আশঙ্কা রয়েছে। তিনি বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, আগামী ৮ অক্টোবর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা দেওয়ার বিষয়ে চুক্তি হতে পারে বলে তারা শুনেছেন। এমনটি হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে সংকট তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও আয় বৃদ্ধিতে দেশীয় ব্যবস্থাপনা ও শ্রমিকদের অবদান রয়েছে। তাই বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার আগে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক লাভ-ক্ষতি, কর্মসংস্থান, শ্রমিক অধিকার ও বন্দরের কৌশলগত নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বাসদ মার্ক্সবাদী চট্টগ্রাম জেলা সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক রাজা মিয়াসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে পরিচালনার খসড়া কনসেশন চুক্তি গত ১ অক্টোবর নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি সিদ্ধান্তের পরই ইজারা বাতিলের দাবিতে আন্দোলন আরও জোরালো করেছে বন্দর রক্ষা কমিটি।
অবস্থান কর্মসূচির শেষে তপন দত্ত ঘোষণা দেন, আগামী ১৩ অক্টোবর সকাল ১১টায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করা হবে। তিনি শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।