স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক বিরোধের জেরে বোরকা পরে চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন ভাতিজা মিজানুর রহমান। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত চাচা বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি মিজানুর রহমান (৫১) ও তার স্ত্রী ফুলবানু (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার মালরা ভূঁইয়া বাড়ি জামে মসজিদের পাশের পুকুরপাড়ে অতর্কিতভাবে হামলার শিকার হন ওই গ্রামের বাসিন্দা মোস্তফা ভূঁইয়া। বোরকা পরে পথরোধ করে মিজানুর রহমান, তার স্ত্রী ফুলবানু, ভাই মফিজ ভূঁইয়া ও মেয়ে শাহনারা বেগম দা ও লাঠিসোটা দিয়ে মোস্তফার ওপর হামলা চালায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
আহতের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। ২৮ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ফুলবানুকে এবং ২৯ অক্টোবর চাঁদপুর সদর এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
ওসি আবুল বাসার বলেন, “আমরা শুরু থেকেই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্বে নিয়েছি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিজানুর রহমান ঘটনার ১৫ দিন আগ থেকেই আত্মগোপনে ছিলেন।”
পুলিশ জানায়, পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।