চৌদ্দগ্রামে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে কাজী ইউসুফ হোসেন (৪৫) নামে এক জামায়াতে ইসলামীর কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। তিনি ইসলামী সংগীতের শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।

নিহত ইউসুফ হোসেন কনকাপৈত গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। চৌদ্দগ্রাম থানা পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) কনকাপৈত স্কুল মাঠে ট্রাক্টর থেকে বালু ওঠানো-নামানোকে কেন্দ্র করে ইউসুফের সঙ্গে আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদের প্রতিষ্ঠানের এক ট্রাক্টরচালকের কথা-কাটাকাটি হয়। এ সময় আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজার এলাকায় যেতে নিষেধ করে হুমকি দেন বলে স্থানীয়রা জানান।

অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে ইউসুফ ওই বাজারে গেলে আবুল কালাম আজাদের লোকজন তাঁর ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। উপস্থিত কয়েকজন তাঁকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, ইউসুফ হোসেনকে জরুরি বিভাগে আনার পর তাঁর অবস্থা সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন বলেন, ইউসুফ তাঁদের দলের কর্মী ছিলেন। প্রকাশ্যে মারধরের শিকার হয়ে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার পর থেকে আবুল কালাম আজাদ ও তাঁর লোকজন আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *