মোহাম্মদ হোসেন হ্যাপী:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণ এমন বাংলাদেশ চায় না, যেখানে রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদধূলির রাজনীতির মাধ্যমে। দেশের প্রকৃত পরিবর্তন আনতে হলে রাষ্ট্র পরিচালনায় আমূল সংস্কার প্রয়োজন, আর সেই পরিবর্তনের পথ তৈরি হবে গণভোটে জনগণের স্পষ্ট ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও ব্যক্তি নির্ভর রাষ্ট্রব্যবস্থার কারণে জনগণের প্রত্যাশা উপেক্ষিত হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদের ইচ্ছা-অনিচ্ছার ওপর দেশ পরিচালিত হওয়ায় গণতন্ত্র দুর্বল হয়েছে। জনগণ এখন একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনগণের কাছে দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা চায়।
তিনি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম দুর্নীতি ও চাঁদাবাজির সংস্কৃতি বন্ধ করতে হবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতির শিকড় গভীরে প্রোথিত হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণ না হলে উন্নয়ন কিংবা গণতন্ত্র—কোনোটিই টেকসই হবে না।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জনগণ চায় একটি সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন। যাতে করে তাদের সন্তানরা রাজনৈতিক পরিচয় নয়, বরং যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পায়। আজ রাষ্ট্রীয় চাকরিতে নিয়োগ নিয়ে মানুষের মধ্যে চরম অনাস্থা তৈরি হয়েছে, যা রাষ্ট্রের জন্য ভয়াবহ সংকেত।
তিনি বলেন, রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধ করতে না পারলে গণতন্ত্র কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।
গণসংযোগ কর্মসূচির আগে হাসনাত আব্দুল্লাহ দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতেই হবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় নাগরিক পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা। তারা দেলপাড়া এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ করেন।
স্থানীয় জনগণ এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও বেকারত্ব নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সেসব বিষয়ে জনগণের পাশে থাকার আশ্বাস দেন।