মোঃ মাহমুদুল হাসান:
শুদ্ধ ও নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সারাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাজহারুল ইসলামকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর সাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা সনদে উল্লেখ করা হয়, ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্যের আলোকে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
সনদে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুল তথ্য সংযোজন, স্বচ্ছতা এবং নির্ধারিত সময়ে নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ফল হিসেবে এ জাতীয় স্বীকৃতি অর্জিত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শিবগঞ্জ উপজেলার নাগরিক সেবা কার্যক্রমে আরও গতি আনবে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনায় অন্য উপজেলা ও স্থানীয় প্রশাসনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।