জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন। উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

নির্বাচনের প্রস্তুতি ও গুরুত্ব তুলে ধরে এ এম এম নাসিরুদ্দিন বলেন, বর্তমান নির্বাচন কমিশন পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করে। এ নীতির ভিত্তিতেই জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকায় বসে পুরো নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচন ঘিরে ১১ দলীয় জোটের উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জোটের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছিল, সেগুলোর যথাযথ সমাধান করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ অন্যান্য অভিযোগও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জানিয়ে সিইসি আরও বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে সংঘাত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে চায় নির্বাচন কমিশন। সব পক্ষের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে কমিশন কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *