জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আধুনিক, পরিকল্পিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার: গৃহায়ণ মন্ত্রী

 

মোঃআনজার শাহ

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ দেশজুড়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের রাজনীতির গতিধারা বদলে গিয়েছিল; দেশ ও জাতি খুঁজে পেয়েছিল নতুন দিশা।

দিবসটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বাণীতে তিনি জাতীয় ঐক্য ও টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের চেতনা ধারণ করে আধুনিক ও পরিকল্পিত বাংলাদেশ গড়তে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দেশজুড়ে নানা আয়োজন
দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।

দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও নানা কর্মসূচি পালন করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভায়াত্রা বের করার কর্মসূচি নিয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিবসটি উপলক্ষে দেশাত্মবোধক গান ও বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। দিবসটিকে ঘিরে বিএনপি সাত দিনের কর্মসূচি পালন করছে, যার মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভায়াত্রা ও আলোকচিত্র প্রদর্শনী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও সংকটের মধ্যে ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্য দেশের সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখেছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় নেতৃবৃন্দ। তাঁরা বলেছেন, অতীতের শিক্ষা থেকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হয়েই একটি আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

৭ নভেম্বর কেবল একটি দিবস নয়; এটি জাতীয় সংহতি, গণতন্ত্র ও রাষ্ট্রের অগ্রগতির প্রতীক। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েই আজ পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *