জামদানি ও লোকজ কারুশিল্প দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সমৃদ্ধ লোকজ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লি পরিদর্শনকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি বয়নশিল্পসহ বিভিন্ন লোকজ কারুশিল্পের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া ঘুরে দেখেন। এসব কারুশিল্পের কাজ ও বিপণন কার্যক্রম সম্পর্কে তিনি আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের লোকজ ঐতিহ্যের প্রশংসা করেন।

সংক্ষিপ্ত এ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত ভবিষ্যতে জাদুঘরটি আরও বিস্তারিতভাবে ঘুরে দেখার আগ্রহ জানান।

বাংলাদেশের লোকজ শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ প্রকাশ করে কারুপল্লি পরিদর্শন করায় মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

এ সময় ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. নাসিব ইসলাম অভি, গবেষণা কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ কে এম মুজ্জাম্মিল হক এবং পানাম সিটির সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *