জামায়াতের জোটে বাড়ছে শক্তি, যুক্ত হচ্ছে লেবার পার্টি

রিদওয়ানুল করিম:

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল। নতুন করে জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে জোটটি আবারও ১১ দলে পরিণত হতে যাচ্ছে।

এর আগে ১১ দলীয় জোট গঠনের ঘোষণা দেওয়া হলেও আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি কার্যত ১০ দলে সীমাবদ্ধ ছিল। তবে শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টির অন্তর্ভুক্তির মাধ্যমে সেই ঘাটতি পূরণ হচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে এক পথসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ বিষয়ে ইঙ্গিত দেন। তিনি বলেন, দেশের রাজনীতি বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে রয়েছে নিবন্ধিত ১১টি রাজনৈতিক দলের একটি ঐক্যবদ্ধ অবস্থান।

তিনি আরও বলেন, অনেকে জোটের সদস্য সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেও শনিবার নতুন একটি দলের যোগদানের মাধ্যমে জোটটি আনুষ্ঠানিকভাবে ১১ দলীয় রূপ নেবে।

রাজনৈতিক অঙ্গনে এই নতুন সংযোজন আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোটের সাংগঠনিক শক্তি বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *