সাঈদ হাসান সানি:
মাদকবিরোধী পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। তারা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মোঃ ফটিক শিকদারের ছেলে মোঃ সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মোঃ মুকুল মিয়ার ছেলে মোঃ মুন্না (৩২), বনপাড়া এলাকার মরহুম আব্দুল বারেকের ছেলে মোঃ আফ্রিদী ইসলাম (৩০), বনপাড়া এলাকার মরহুম আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২) এবং শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে মোঃ রাশেদ মোশারফ বাবু (৩১)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার (১০ এপ্রিল) সকালে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইয়ূম।
তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের সার্বিক নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দেওয়ানগঞ্জের কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ শাহজাহানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেওয়ানগঞ্জের জোয়ানের চর এলাকার মোঃ ফটিক শিকদারের ছেলে মোঃ সাইদুর রহমান (৩৫)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ৩,০০,০০০ টাকা) এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে জামালপুর সদর উপজেলার শেরপুর ব্রিজ-জামালপুরগামী মহাসড়কের ছনকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আপেল মাহমুদ ও এসআই মোঃ এহসানুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোঃ মুন্না (৩২), মোঃ আফ্রিদী ইসলাম (৩০), আরিফুল ইসলাম রনি (৪২) এবং মোঃ রাশেদ মোশারফ বাবু (৩১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয় (যার আনুমানিক মূল্য ১,০০,০০০ টাকা)।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
এদিকে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে হলে কেবল সামাজিক সচেতনতাই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ‘না’ বলতে শিখতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা বোঝাতে হবে এবং মাদকাসক্তদের চিকিৎসার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি গ্রেফতার ৫ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানায় ২টি মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। জামালপুর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জানান, জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।