নারায়ণগঞ্জে ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খেলতে গিয়ে পুকুরে পড়ে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক মো. মহিববুল্লাহ।

জানা যায়, নিহত দুই শিশু কুষ্টিয়ার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

নিহতদের বাবা জিয়াউর রহমান বলেন, তার দুই ছেলে স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তারা বাড়িতে এসে পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলছিল। এ সময় বল পুকুরে পড়ে গেলে এক ছেলে তা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে অন্য ভাই তাকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তাদের আর দেখা যাচ্ছিল না। পরে এক নারীর চিৎকার শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে একে একে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *