জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি বিএম মোজাম্মেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এ মামলায় বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফুট সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মামলার বাদী মো. শামীম মিয়া। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা গ্রহণ শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।

ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে আদালত তার বিষয়ে এ আদেশ দেন।

উল্লেখ্য, বিএম মোজাম্মেল হক শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *