নিজস্ব প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধাসহ জীবিকার সংকটে থাকা বগুড়ার এক বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে তাদের উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি প্যাডেলচালিত রিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করতেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ শেখ। এতে তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অন্যদিকে কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন তিনি। পাশাপাশি নিজের রিকশায় আহত আন্দোলনকারীদের হাসপাতালে পৌঁছে দেন।
গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। অন্যটি ভাড়া দেবেন।
এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। নতুন এই যানবাহন দুটির মাধ্যমে তার জীবিকার পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিএনপি দলীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।